স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও ব্রাহ্মণবাড়িয়া-০৬ (বাঞ্ছারামপুর) আসনের সংসদ সদস্য মোঃ জোনায়েদ আব্দুর রহিম সাকি বলেছেন– বিনিয়োগের মাধ্যমে উৎপাদন বাড়াতে হবে। কৃষি ক্ষেত্রে উৎপাদন বাড়াতে হলে খাল খননের কোন বিকল্প নাই। নদী নালা খাল বিলকে দখল ও দূষণ থেকে রক্ষা করতে হবে। এগুলোকে বাঁচাতে না পারলে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করা যাবে না। পানি ব্যবস্থাপনার সাথে উন্নয়ন ব্যবস্থাপনা জড়িত। মাটির নিচের পানি ব্যবহার কমিয়ে দিতে হবে। পানি ধরে রাখতে হলে খাল ও নদীগুলো খনন করতে হবে। পানি প্রবাহ না থাকলে নদীর তলদেশ ভরাট হয়ে যাবে। সে জন্য খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে। এ বিষয়ে কাউকে আমরা ছাড় দেবো না।
আজ সোমবার (১৬ মার্চ) বেলা ১২ টায় জেলার বিজয়নগর উপজেলার পত্তন ও চরইসলামপুর ইউনিয়নের বোয়ালিয়া খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জোনায়েদ সাকি এমপি আরো বলেন, অর্থনৈতিক বাজার বড় না হলে আমাদের অর্থনৈতিক ভিত্তি মজবুত হবে না। দেশের ১৮ কোটি মানুষের মাঝে অর্থনৈতিক বাজার তৈরি করতে হবে। সে জন্য আর্ন্তজাতিক বাজারে আমাদের অংশগ্রহণ ও প্রাপ্যঅধিকার নিশ্চিত করতে হবে। রাষ্ট্রীয় কর্মকর্তাদের উদ্দ্যেশে করে প্রতিমন্ত্রী বলেন, আপনারা সরকারের প্রতিনিধি হিসেবে সরকারের লক্ষ্য উদ্দেশ্য ও পলিসি বাস্তবায়নে কাজ করতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে খালেদ হোসেন মাহবুব শ্যামল এমপি বলেন,ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এর আগে বিএনপির ইশতেহার অনুযায়ী সরকার গঠনের পর থেকে একে একে বাস্তবায়ন শুরু হয়েছে। ইশতেহার অনুযায়ী সরকার ইতিমধ্যে ফ্যামিলি কার্ড বিতরন ও ইমাম মোয়াজ্জেমদের সম্মানী প্রদান করা হয়েছে। ইশতেহারের অংশ হিসেবে আজ দিনাজপুরে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান খাল পুণঃখনন কাজের শুভ উদ্বোধনের মাধ্যমে খাল খননও শুরু হয়েছে। এভাবেই নির্বাচনী ইশতেহার অনুযায়ী একে একে সকল উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন বিজয়নগর উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদ ফাতেমা, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আলী আজম, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান শাহীন, বিজয়নগর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক শাহ আলম মোল্লা, পত্তন ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক দারু মিয়া সহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

ফিতা কেটে খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন করছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি এমপি ও অন্যান্য অতিথিবৃন্দ।
উল্লেখ্য, এই কর্মসূচির মধ্যে রয়েছে ৩.৩৮০ কিলোমিটার খাল পুনঃ খনন। যার ব্যয় ধরা হয়েছে ৩১ লক্ষ টাকা। প্রতি কিলোমিটার খাল খননে ব্যয় হবে ৯ লাখ ৪০ হাজার টাকা। এদিকে ৩.৩৮০ কিলোমিটার মধ্যে বোয়ালিয়া খাল ২ কিলোমিটার ও বোয়ালিয়া ব্রীজ থেকে মধ্যগঙ্গা নদী পর্যন্ত শাখা খালের ১.৩৮০ কিলোমিটার খাল রয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply