স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ায় ঢাকায় কর্মরত যমুনা টেলিভিশনের এক সাংবাদিকের ওপর হামলা চালিয়ে ছুরিকাঘাত করার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। একই সঙ্গে তাকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী।
মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুর ২টার দিকে শহরের কুমারশীল মোড় এলাকায় এ ঘটনা ঘটে। আহত সাংবাদিক মো. আল আমিন জানান, ব্যক্তিগত কাজে তিনি কুমারশীল মোড় এলাকায় যাওয়ার পথে অজ্ঞাতনামা তিনজন দুর্বৃত্ত পেছন দিক থেকে অতর্কিত হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে তার বাম হাত গুরুতর জখম হয়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে তার বাম হাতে চারটি সেলাই দেওয়া হয়েছে বলে জানা গেছে।
অভিযোগে আরও বলা হয়, হামলার পর দুর্বৃত্তরা চলে যাওয়ার সময় তাকে হুমকি দিয়ে বলে—ঘটনার বিষয়ে থানায় মামলা করলে তাকে প্রাণে মেরে ফেলা হবে। এমনকি পরবর্তীতে মোবাইল ফোনে বার্তা পাঠিয়েও বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, ঘটনার বিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply