স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বাসচাপায় মা-ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো ৩জন আহত হয়েছে। নিহতরা হলেন নরসিংদীর শিবপুর উপজেলার সৈয়দনগর গ্রামের হাসিনা বেগম (৬৫) ও তার ছেলে আমজাদ হোসেন (৪৮)।
আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল উপজেলার শাহবাজপুরে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন দুর্ঘটনায় নিহত আমজাদ হোসেনের ছেলে চাঁদ-(১২) ও হৃদয় মিয়া-(২৫) এবং একই গ্রামের গ্রামের নিলুফা বেগম-(৩৬)। আহতদেরকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আহত হৃদয় মিয়া জানান, আত্মীয়ের বাড়িতে একটি সামাজিক অনুষ্ঠানে যোগ দিতে প্রাইভেটকারে করে তারা সিলেটে যাচ্ছিলেন। দুপুর ১২টার দিকে সরাইলের শাহবাজপুর এলাকায় প্রাইভেটকারটিকে বিপরীত দিক থেকে আসা একটি বাস চাপা দেয়। এতে দুজন নিহত ও তিনজন আহত হন।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে সরাইলের খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, বাসচাপায় প্রাইভেটকারেে পাঁচ আরোহী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply