স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি া
ব্রাহ্মণবাড়িয়া শহরে হামে আক্রান্ত হয়ে অমরাত-(০৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার (০৪ এপ্রিল) রাতে পৌর শহরের শান্তিবাগ এলাকায় নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় অমরাতের মৃত্যু হয়। নিহত অমরাত ওই এলাকার পেডিস্ট সিয়ামের মেয়ে।
পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় ৪ থেকে ৫ দিন আগে অমরাত জ্বরে আক্রান্ত হয়। পরবর্তীতে তার ডায়রিয়া শুরু হয়। একপর্যায়ে তার শরীরে হামের লক্ষণ দেখা দেয়। পরে অমরাতের শারীরিক অবস্থার অবনতি হলে শনিবার রাতে শ্বাসকষ্ট শুরু হয়। এ সময় বাসায় চিকিৎসাধীন অবস্থাতেই সে মারা যায়।
এদিকে এর আগে, গত কয়েকদিন আগে অমরাতের বাবা পেডিস্ট সিয়াম ফেসবুকে এক পোস্টে মেয়ের অসুস্থতার কথা জানিয়ে সবার কাছে দোয়া কামনা করেন। পোস্টে তিনি উল্লেখ করেন, তার মেয়ে আগে থেকেই কিডনি সমস্যায় ভুগছিল এবং তার ওপর হামে আক্রান্ত হওয়ায় শারীরিক অবস্থা আরও খারাপ হয়ে পড়ে।
শিশু অমরাতের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা হামের সংক্রমণ রোধে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
উল্লেখ্য, স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে জেলায় হামের প্রাদুর্ভাব বাড়ছে। হামের লক্ষণ নিয়ে বিভিন্ন বয়সের ৫১ জন শিশু ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। এর মধ্যে সাতজন রোগীর শরীরে হাম শনাক্ত করা হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply